ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১ অক্টোবর ফেনীর পরশুরাম উপজেলায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি গত ১৬ জুন একনেকের সভায় অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর ফেনী সফরটি প্রথমে ১৭ সেপ্টেম্বর নির্ধারিত থাকলেও পরে তা স্থগিত করা হয়। নতুন সূচি অনুযায়ী ১ অক্টোবর তিনি ফেনী সফর করবেন।
প্রকল্পের আওতায় নদী ও জলাধার পুনঃখনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো সংস্কারের কাজ করা হবে। পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে মুহুরী-কহুয়া নদী অববাহিকার দীর্ঘদিনের বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙনজনিত সমস্যা মোকাবিলায় সহায়তা করবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সফরের প্রস্তুতি দেখতে সোমবার (২৮ সেপ্টেম্বর) ফেনী পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি পরশুরামের খেয়াঘাট, মুহুরী নদীর তীরবর্তী এলাকা এবং প্রস্তাবিত জনসভাস্থল ঘুরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে প্রকল্পটির উদ্বোধন করবেন। এরপর সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
বিজ্ঞাপন
পরে প্রধানমন্ত্রী ফুলগাজীতে গিয়ে খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। একই সফরে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সরকারি দপ্তরে স্থাপিত মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল উদ্বোধনের কর্মসূচিও রয়েছে।
সফরসূচি অনুযায়ী ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বিকেল ৩টা থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থলগুলো রেড, ইয়েলো ও হোয়াইট—এই তিনটি জোনে ভাগ করা হবে। রেড ও ইয়েলো জোনে প্রবেশের জন্য নির্দিষ্ট নিরাপত্তা কার্ড প্রয়োজন হবে। সাধারণ মানুষের জন্য নির্ধারিত থাকবে হোয়াইট জোন।
বিজ্ঞাপন
জেলা প্রশাসন জানিয়েছে, পরশুরাম ও ফুলগাজীতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এসএসএফের পাশাপাশি পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বিজিবি, কোস্ট গার্ডসহ অন্যান্য বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে পরশুরামের ঘাটঘর এলাকায় জনসভাস্থল প্রস্তুত করা হচ্ছে। পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অস্থায়ী হেলিপ্যাডসহ মঞ্চ ও অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজও চলছে। জনসভায় অংশ নেওয়া মানুষের জন্য বিশুদ্ধ পানি, পোর্টেবল টয়লেট ও স্যানিটেশন ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হয়েছে।
সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে ফেনী-পরশুরাম প্রধান সড়কের কয়েকটি অংশে মেরামত ও সংস্কার করা হচ্ছে। একইভাবে পরশুরাম-সুবার বাজার সড়ক, ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ এবং সফরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় প্রস্তুতি ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বন্যা ও নদীভাঙনের স্থায়ী সমাধান, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, লালপুলে আন্ডারপাস নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জেলার যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের মতো বিভিন্ন দাবি সামনে আনার প্রত্যাশা করছেন।








