অনুকূল পরিবেশ হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হলে তা হতে পারে। এ বিষয়ে বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির জানান, নতুন দায়িত্ব নেওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটি ছিল তাঁর প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে দুই দেশের সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। কিছু চ্যালেঞ্জ থাকলেও সংলাপ ও আলোচনার মাধ্যমে সেগুলো মোকাবিলা করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো এক পর্যায়ে সফরের জন্য পারস্পরিকভাবে অনুকূল পরিবেশ তৈরি হলে সফর হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের ইতিবাচক অবস্থান রয়েছে। দুই দেশের মধ্যে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
সফরের সময় বা তারিখ নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশ পারস্পরিকভাবে অনুকূল একটি অবস্থানে পৌঁছানোর পরই সফরের সময় ও তারিখ নিয়ে আলোচনা হবে।
বিজ্ঞাপন
নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে—এমন আলোচনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে গুঞ্জনের ভিত্তিতে তিনি মন্তব্য করতে চান না। বাস্তবতা হলো মঙ্গলবারের বৈঠকটি অত্যন্ত ভালো হয়েছে এবং শিগগিরই ইতিবাচক অগ্রগতি আসতে পারে বলে তিনি আশাবাদী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীও জানিয়েছিলেন, তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার প্রয়োজন নেই; উপযুক্ত সময়েই সফর হতে পারে।








