উচ্ছেদ অভিযান ঘিরে থমথমে মিরপুর, আগুনে পুড়ল কয়েক দোকান

রাজধানীর মিরপুর ১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মিরপুর আইডিয়াল স্কুলসংলগ্ন হোপ মার্কেট এলাকায় উচ্ছেদ চলাকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে কয়েকটি দোকান পুড়ে যায়।
বিজ্ঞাপন
পরে পুলিশ ও ফুটপাত ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সিটি করপোরেশনের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার পর উচ্ছেদ অভিযান শুরু হয়। বেলা ১১টার পর আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সিটি করপোরেশনের উচ্ছেদ কার্যক্রমে রোলার দিয়ে দোকান ভাঙার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আগুনে বাইতুল কুদ্দুস জামে মসজিদের নিচে থাকা ছয় থেকে সাতটি দোকান পুড়ে যায়। এসব দোকানের মধ্যে কাপড়, জুতা-স্যান্ডেল ও কসমেটিকসের ব্যবসাপ্রতিষ্ঠান ছিল।
বিজ্ঞাপন
অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও ফুটপাত ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পুলিশ কয়েক দফা টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এ সময় আন্দোলনকারীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়।
ঘটনাস্থলে দেখা যায়, মিরপুর ১০ থেকে ১৩-১৪ নম্বরের দিকে যাওয়া সড়কের বিভিন্ন অংশে উচ্ছেদ করা দোকানের বাঁশ ও কাঠ পড়ে রয়েছে। প্রধান সড়কে ছড়িয়ে আছে ভাঙা কাচ ও ইটের টুকরা। সড়কের মাঝখানে সিটি করপোরেশনের একটি পোড়ানো গাড়িও পড়ে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী সুমাইয়া বলেন, পাশেই তাদের বাসা। বাসার ওপর থেকে তিনি পুরো ঘটনা দেখেছেন। তার ভাষ্য, একটি গাড়ি দিয়ে দোকান ভাঙচুরের সময়ই আগুন ধরে যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আরেক প্রত্যক্ষদর্শী মো. আবুল হোসেন বলেন, ওপরে মসজিদ এবং নিচে দোকান ছিল। তার দাবি, দোকানগুলো ভাঙার প্রয়োজন ছিল না। উচ্ছেদ করতে গিয়েই আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান।
বিজ্ঞাপন
ঘটনার পর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।








