প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়েছে: রুমন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। একই সঙ্গে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান।
বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুমন।
তিনি বলেন, নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। সফরে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের দীর্ঘ সময় কাজ করতে হয়েছে এবং রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রুমনের দাবি, দেশে ফেরার পর জাতিসংঘে বাংলাদেশের অর্জন নিয়ে গণমাধ্যমে সংবাদ এবং টকশোতে আলোচনা হওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু ভিন্ন কিছু ঘটনা ঘটিয়ে গণমাধ্যমের মনোযোগ সেদিকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রুমন আরও বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকারের দেশ পরিচালনার যে সূত্র ছিল, বিরোধী গোষ্ঠীও একই মন্ত্রে চলছে।
বিজ্ঞাপন
সরকারের কার্যক্রমে বিভিন্ন প্রতিবন্ধকতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আপনি যদি একটা মানুষকে বলেন নদী পার হও, আর তার হাত-পা বেঁধে দেন, উনি কি নদী পার হতে পারবেন? সম্ভব না।
তিনি বলেন, এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। দীর্ঘদিন পর বাংলাদেশের নির্বাচিত সরকার জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব করছে। অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব ও আলোচনা, জলবায়ুতে ন্যায়বিচার ও অর্থায়নের দাবি এবং বাংলাদেশের পুনর্গঠনে থ্রি আর (3R) প্রস্তাবসহ ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে এসব বিষয় কতটি গণমাধ্যমে বিস্তারিতভাবে স্থান পেয়েছে, সে প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।
রুমনের অভিযোগ, এসব অর্জনকে ম্লান করতে একটি গোষ্ঠী সংঘবদ্ধভাবে পরিকল্পিত কিছু অপকর্ম ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে।
বিজ্ঞাপন
দেশের ভঙ্গুর অবস্থার মধ্যে প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান।








