ডিএমপির সাবেক ডিসি মনিরুজ্জামান বরখাস্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সরকারি অনুমতি ছাড়া দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং দায়িত্বে যোগদানের নির্দেশ অমান্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গুরুদণ্ড হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে কাজী মনিরুজ্জামানকে ডিএমপি থেকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই বছরের সেপ্টেম্বরে সেখানে যোগদানের পর ছুটি অনুমোদন না থাকা সত্ত্বেও তিনি কর্মস্থল ত্যাগ করেন।
তিনি ২২ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরে ২১ নভেম্বর দায়িত্বে যোগ দিলেও ২৫ নভেম্বর থেকে আবার অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত হন।
বিজ্ঞাপন
এ ঘটনায় ২০২৫ সালের আগস্টে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে দুই দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তিনি কোনো নোটিশের জবাব দেননি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরবর্তীতে তার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নেওয়া হয়। গত ২৪ আগস্ট তাকে চাকরি থেকে বরখাস্তের পক্ষে পরামর্শ দেয় কমিশন।
রাষ্ট্রপতির অনুমোদনের পর কাজী মনিরুজ্জামানকে ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে কার্যকর হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।








