Logo

আমার মরদেহের ওপর দিয়ে হলেও ফুটপাত দখলমুক্ত করা হবে: মিল্টন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৫১
আমার মরদেহের ওপর দিয়ে হলেও ফুটপাত দখলমুক্ত করা হবে: মিল্টন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযান চলাকালে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেটের সামনের ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চলাকালে সিটি করপোরেশনের পরিবহনকর্মী, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘প্রয়োজনে আমার মরদেহের ওপর দিয়ে হলেও নগরবাসীর নির্বিঘ্নে ফুটপাতে চলাচলের পথ দখলমুক্ত করা হবে।’

তিনি বলেন, অবৈধভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে যারা নগরবাসীর ফুটপাতে চলাচলে বাধা সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। মিরপুর-১০-এর অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রশাসক বলেন, হামলায় জড়িতদের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা করা হবে। তদন্তের ভিত্তিতে তাদের দ্রুত গ্রেফতারের উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আজকের পর যদি কোনো ধরনের, কারও ইন্দনে আবার ফুটপাত দখলের পক্ষে আসে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মিরপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রশাসক বলেন, উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সহযোগিতা পাওয়া গেছে। তার ভাষ্য, এতে প্রমাণ হয়েছে মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত দেখতে চান।

তিনি বলেন, ‘আমরা গত কয়েকদিন ধরে এই উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছি, জনগণের চাহিদা অনুযায়ী কাজ করছি এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। তাই দায়িত্ববোধ থেকে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন।’

বিজ্ঞাপন

ডিএনসিসি প্রশাসক জানান, গত পরশু মিরপুর-১০ নম্বর গোল চত্বরের ফুট ওভারব্রিজের নিচে উচ্ছেদ অভিযান শেষে সেখানে গাছ লাগানো হয়েছে এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচলের জন্য পরিবেশ তৈরি করা হয়েছে। একই ধরনের পরিকল্পনা ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্যান্য এলাকাতেও বাস্তবায়নের কথা জানান তিনি।

সাংবাদিকদের ওপর হামলার প্রসঙ্গে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে মিরপুর জোনের বিভাগীয় উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, কাফরুল ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিএনসিসির প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল মো. রাকিবুল হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

উচ্ছেদ অভিযান পরিচালনাকারী ডিএনসিসির কর্মকর্তাদের পাশে থাকার অঙ্গীকার করে প্রশাসক বলেন, ‘আপনারা নির্বিঘ্নে ও নির্ভয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন, জনগণ ও আমরা আপনাদের সঙ্গে আছি।’

বিজ্ঞাপন

হকারদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হকারদের সঙ্গে মতবিনিময় ও জনসভা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কেউ ফুটপাতে বসবেন না। ডিএনসিসির পক্ষ থেকে বিকল্প স্থানে অস্থায়ীভাবে বৈধভাবে ব্যবসার জন্য ২০৪টি রেজিস্ট্রেশন কার্ডও দেওয়া হয়েছিল। তবে কিছুদিন পর তারা সেই সিদ্ধান্ত মানেননি বলে দাবি করেন তিনি।

প্রশাসক বলেন, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই সেখানে হকারদের বসতে দেওয়া হবে না।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD