Logo

নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার বরখাস্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:০৮
নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার বরখাস্ত
ছবি: সংগৃহীত

কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করার অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। গত বছরের ১ জানুয়ারি থেকে বরখাস্তের আদেশ কার্যকর ধরা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্ত অবস্থায় গোলাম মোস্তফা রাসেলকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। তবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তিনি সেখানে অনুপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনুপস্থিতির বিষয়ে তার বক্তব্য জানতে হোয়াটসঅ্যাপ ও স্থায়ী ঠিকানায় চিঠি পাঠানো হয়। পরবর্তী সময়ে বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ই-মেইলেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি কোনো জবাব দেননি। কর্মস্থলে যোগদান না করার কারণও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত বা মৌখিকভাবে জানাননি।

বিজ্ঞাপন

এ ঘটনায় পুলিশ সদর দপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে গত বছরের ৩১ জুলাই তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। একই সঙ্গে অভিযোগনামা ও অভিযোগের বিবরণ পাঠিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তিনি নোটিশের জবাব দেননি এবং জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সময়ও চাননি।

অভিযোগের গুরুত্ব বিবেচনায় গত বছরের ১৫ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে ৯ ডিসেম্বর দেওয়া প্রতিবেদনে গোলাম মোস্তফা রাসেলের বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে মতামত দেওয়া হয়।

এরপর চলতি বছরের ২৫ জানুয়ারি তাকে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। চাকরি থেকে বরখাস্তসহ অন্য কোনো গুরুদণ্ড কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হলেও ওই নোটিশেরও কোনো জবাব দেননি তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে গত ১২ জুলাই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হয়। পরবর্তী সময়ে ১১ আগস্ট পিএসসি তাকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়ার পক্ষে মত দেয়।

বিজ্ঞাপন

সবশেষে গত ১৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী গোলাম মোস্তফা রাসেলের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD