Logo

বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর, ২০২৬, ২০:০৭
বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরকে যেকোনো ধরনের বাহ্যিক সামরিক হস্তক্ষেপমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনীরুজ্জামান।

বিজ্ঞাপন

শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের একটি অধিবেশনে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চীন ও ভারতের মধ্যে উত্তেজনা কমানো এবং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশের ভূমিকা কী হতে পারে—এমন প্রশ্নের জবাবে মুনীরুজ্জামান বলেন, দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক ভূরাজনীতিতে বাংলাদেশ বর্তমানে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তার মতে, ভারত ও চীন—উভয় দেশের কাছেই বাংলাদেশের দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কিছু রয়েছে।

সামুদ্রিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। একই সঙ্গে এটি শুধু দক্ষিণ এশিয়ার নয়, পুরো ভারত মহাসাগরীয় অঞ্চলের জন্যও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ইন্দো-প্যাসিফিক কৌশলগত পরিকল্পনায় বঙ্গোপসাগরের ভৌগোলিক অবস্থান বিশেষ তাৎপর্য বহন করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মুনীরুজ্জামান বলেন, বাংলাদেশ বঙ্গোপসাগরে সামুদ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে, যা ভারত ও চীন উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমরা বঙ্গোপসাগরকে যে কোনো বাহ্যিক সামরিক হস্তক্ষেপমুক্ত একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চাই।’

আঞ্চলিক যোগাযোগের প্রসঙ্গে তিনি বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগকারী সেতু হিসেবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চীনের ইউনান প্রদেশ থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত স্থলপথ বা করিডোর গড়ে তোলা গেলে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ বাড়বে এবং এতে ভারত ও চীন উভয়ই উপকৃত হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা ঝুঁকির বিষয়েও বক্তব্য দেন সাবেক এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। এই সংকট এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে।

বিজ্ঞাপন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশের উদ্যোগ ভারত ও চীনের জন্যও ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন মুনীরুজ্জামান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD