জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু

যুবশক্তির দক্ষতা উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে দেশের নয়টি জেলায় একযোগে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ‘যুবশক্তি উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় রবিবার (৪ অক্টোবর) এ প্রশিক্ষণের প্রথম পর্ব শুরু হয়।
বিজ্ঞাপন
প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় রয়েছে ঢাকা জেলার সাভার, টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, গাজীপুর, পটুয়াখালী ও রাজশাহী। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
সাভারের বাইপাইলে বিএনসিসি ট্রেনিং একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মবিশ্বাস ও প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রমে আন্তরিকভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
প্রকল্পের আওতায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যদের নিজ নিজ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে বিভিন্ন বিষয়ে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হবে।
বিজ্ঞাপন
এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে আনসার-ভিডিপি ও স্কাউটসের সদস্যদের জন্য বেসামরিক প্রতিরক্ষা বা সিভিল ডিফেন্সবিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে জরুরি পরিস্থিতি মোকাবিলা, দায়িত্ব পালনের প্রস্তুতি এবং ব্যবহারিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নেওয়া এ পাইলট প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
সংশ্লিষ্টদের দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমের লক্ষ্য অর্জন এবং যুবশক্তিকে আরও দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও জাতীয় নিরাপত্তার প্রয়োজনে প্রস্তুত করে তোলার প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।








