Logo

তরুণ উদ্যোক্তাদের ব্যবসায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৬, ২১:৫২
তরুণ উদ্যোক্তাদের ব্যবসায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত

উদ্ভাবনী ও মেধাবী তরুণদের ব্যবসা-বাণিজ্যে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে নতুন প্রযুক্তি ও বিকল্প জ্বালানি খাতে বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি বিকল্প জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে ব্যবসায়ীদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ব্যবসা-বাণিজ্যের প্রসারে ব্যাংক ঋণের সুদের হার কমানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। এ প্রসঙ্গে তিনি স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে স্বল্প সুদে ব্যাংক ঋণ দেওয়ার উদ্যোগের কথা উল্লেখ করেন।

তাঁর মতে, ওই উদ্যোগের ফলে রাজশাহী ও উত্তরাঞ্চলের মতো অপেক্ষাকৃত পিছিয়ে থাকা এলাকায় শিল্পায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছিল। গড়ে উঠেছিল বিভিন্ন কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে ডিসিসিআই আয়োজিত আসন্ন ‘Bangladesh AI Business Summit 2026’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

ডিসিসিআই প্রতিনিধিরা জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে তারা কাজ করছেন। সরকারের সঙ্গে সমন্বয় করে আগামী দুই বছরের মধ্যে ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথাও জানান তারা। এ সময় প্রতিনিধিদল তাদের বিভিন্ন দাবি, সমস্যা ও সম্ভাবনার বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রাম করেছে এবং প্রাণ দিয়েছে। তবে গণতন্ত্র অর্জনের পর সেটিকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। রাজনৈতিক দলগুলো অনেক সময় গণতন্ত্রের সুযোগের অপব্যবহার করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিগত সময়ে লুটপাটের সংস্কৃতি প্রতিষ্ঠার কারণে দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। ব্যক্তিগত স্বার্থ ও লোভের কারণে ব্যাংকিং খাতও ক্ষতির মুখে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যবসায়ীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশের সামগ্রিক অগ্রগতিতে ব্যবসায়ী সমাজের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ ডিসিসিআই প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD