Logo

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বাড়াতে আহ্বান রাষ্ট্রপতির

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৬, ১৮:০৯
বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বাড়াতে আহ্বান রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে কানাডার গভর্নর জেনারেল লুইস আরবুর পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে একটি অভিনন্দনবার্তা হস্তান্তর করেন অজিত সিং। অভিনন্দনবার্তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

গণতন্ত্র চর্চায় কানাডার দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করে বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশটির সহযোগিতা কামনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি বলেন, দীর্ঘ সময় গণতন্ত্র ও সংসদীয় রীতির অনুপস্থিতির কারণে বর্তমান সরকারকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করেছে।

বিজ্ঞাপন

আলোচনায় কানাডার হাইকমিশনার জানান, বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বছরে চার বিলিয়ন কানাডীয় ডলারের বেশি। বাণিজ্য সম্প্রসারণের আরও সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।

রাষ্ট্রপতি কৃষি, খাদ্য নিরাপত্তা, সার, তথ্যপ্রযুক্তি ও আউটসোর্সিংসহ বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। শিক্ষা খাতেও সহযোগিতা সম্প্রসারণের অনুরোধ করেন তিনি। বিশেষ করে কারিগরি শিক্ষা, প্রযুক্তি, নার্সিং ও চিকিৎসা ক্ষেত্রে কানাডার সহায়তা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। কানাডা সরকারের সহযোগিতার কথা তুলে ধরে হাইকমিশনার জানান, রোহিঙ্গাদের জন্য দেশটি এখন পর্যন্ত প্রায় ৬০০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। এ ধারাবাহিক সহযোগিতার জন্য কানাডা সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ তৈরিতে কানাডাকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

রাষ্ট্রপতি আরও বলেন, এক লাখের বেশি বাংলাদেশি কানাডার উন্নয়নে অবদান রেখে চলেছেন। বৈঠকে রাষ্ট্রপতির সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কানাডার পক্ষে রাজনৈতিক কাউন্সেলর মার্কাস ডেভিসও বৈঠকে অংশ নেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD