Logo

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৬, ১৫:৩৭
প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী
ছবি: সংগৃহীত

বিচারপ্রাপ্যতা নিশ্চিত করা ও আইনি সেবার পরিধি বাড়ানোর বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন বাংলাদেশের ১৭ জন বিচারক ও ৬ জন আইনজীবী। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে আগামী ১ থেকে ১৪ নভেম্বর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বুধবার (৭ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পরিকল্পনা শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাপান সফরকারী প্রতিনিধি দলে বিচারক ছাড়াও আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তা, লিগ্যাল এইড কর্মকর্তা এবং জেলা বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী আইনজীবীরা থাকছেন।

প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন নরসিংদীর জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মো. মাসুম বিল্লাহ, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার এএইচএম তোয়াহা এবং হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মাজহারুল হক।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুদ্দীন হোসাইন, মো. মঈনউদ্দিন কাদির ও মুহাম্মদ আশেকুর রহমান; বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. ফরিদুজ্জামান এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফুজ্জামানও প্রতিনিধি দলে রয়েছেন।

তালিকায় আরও আছেন কুমিল্লার চিফ লিগ্যাল এইড অফিসার মনিকা খান, বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান, নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তৌহিদ আল আজাদ, ঝিনাইদহের সিনিয়র দেওয়ানি জজ অনুশ্রী রায়, বগুড়ার দেওয়ানি জজ মো. রকিবুল হাসান এবং বরিশালের দেওয়ানি জজ মো. জাহিদুল ইসলাম।

আইনজীবীদের মধ্যে নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের মোহাম্মদ আলী, মোহাম্মদ কাইয়ুম ও আফরোজা বেগম এবং কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের আয়েশা বেগম, সরকার গিয়াস উদ্দিন মাহমুদ ও শাহিদা আনোয়ার প্রশিক্ষণে অংশ নেবেন।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাপানে প্রশিক্ষণ ও ভ্রমণের পুরো সময়কে অংশগ্রহণকারীদের কর্মকালীন সময় বা ‘অন ডিউটি’ হিসেবে বিবেচনা করা হবে। সফর ও প্রশিক্ষণের সব ব্যয় জাইকা বহন করবে। ফলে এ সফরের জন্য বাংলাদেশ সরকারের স্থানীয় বা বৈদেশিক মুদ্রায় কোনো অর্থ ব্যয় হবে না।

প্রতিনিধি দলটি আগামী ১ নভেম্বর অথবা এর কাছাকাছি সুবিধাজনক সময়ে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বে। প্রশিক্ষণ শেষে ১৪ নভেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD