Logo

সচিবালয়ে সর্বোচ্চ দুজন নিয়ে প্রবেশ করতে পারবেন এমপিরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৬, ২১:০৯
সচিবালয়ে সর্বোচ্চ দুজন নিয়ে প্রবেশ করতে পারবেন এমপিরা
ছবি: সংগৃহীত

সচিবালয়ে নিরাপত্তা জোরদার ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এমপিদের গাড়িতে তাঁদের ব্যক্তিগত কর্মকর্তা ও চালক ছাড়া অন্য কারও প্রবেশের অনুমতি থাকবে না।

বিজ্ঞাপন

গত ৪ অক্টোবর সচিবালয়ের নিরাপত্তা নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট কয়েকজন সচিবের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে সচিবালয়ে প্রবেশের সময় তাঁদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করে প্রবেশ নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে অনেক সময় সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে চার থেকে পাঁচজন পর্যন্ত সচিবালয়ে প্রবেশ করেন। তাঁদের প্রত্যেকের প্রবেশের অনুমতি রয়েছে কি না, তা যাচাই করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া, সংসদ সদস্যদের গাড়িতে থাকা অতিরিক্ত ব্যক্তিদের বিষয়ে দায়িত্ব পালন করতে গিয়ে নিরাপত্তাকর্মীরা সব সময় কঠোর পদক্ষেপ নিতে পারেন না বলেও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সচিবালয় সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। এখানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। যথাযথ যাচাই ছাড়া অতিরিক্ত ব্যক্তির প্রবেশ নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে গাড়িতে প্রবেশকারীর সংখ্যা সীমিত করা এবং পরিচয় ও অনুমোদন যাচাই বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা কার্যকর হলে সংসদ সদস্যদের সঙ্গে ব্যক্তিগত গাড়িতে প্রবেশকারী ব্যক্তিগত কর্মকর্তা ও চালকের পরিচয় এবং অনুমোদন যাচাই করা হবে। তাঁদের বাইরে অন্য কাউকে ওই গাড়িতে করে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD