সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নতুন নিয়ম, দুপুর ১২টার আগে নিষেধাজ্ঞা

সচিবালয়ে নিরাপত্তা জোরদার করতে দর্শনার্থী পাস ইস্যুর সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দুপুর ১২টার আগে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিজ্ঞাপন
গত ৪ অক্টোবর সচিবালয়ের নিরাপত্তা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, সচিবালয়ে প্রবেশ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পদ অনুযায়ী দর্শনার্থী পাস দেওয়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে।
সভার কার্যপত্র অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীরা প্রতিদিন সর্বোচ্চ ১০টি দর্শনার্থী পাস দিতে পারবেন। মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব, সিনিয়র সচিব ও সচিবেরা সর্বোচ্চ পাঁচটি পাস দিতে পারবেন। এ ছাড়া অতিরিক্ত সচিবেরা তিনটি এবং যুগ্মসচিবেরা সর্বোচ্চ দুটি পাস ইস্যু করতে পারবেন।
বিজ্ঞাপন
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুপুর ১২টার আগে কোনো দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে, সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ, যানবাহন চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণের পাশাপাশি ভবনভিত্তিক প্রবেশাধিকার যাচাইয়ের ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে প্রতিটি ভবনে পৃথক অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদেশি দর্শনার্থীদের জন্যও পৃথক নিবন্ধন ব্যবস্থা চালু করা হবে। এ ব্যবস্থায় তাঁদের পরিচয়, আসার উদ্দেশ্য, সংশ্লিষ্ট কর্মকর্তা বা দপ্তরের তথ্য এবং প্রবেশ ও বের হওয়ার সময় সংরক্ষণ করতে হবে।
বিজ্ঞাপন
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সচিবালয় সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হওয়ায় সেখানে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।








