যুব উন্নয়ন অধিদপ্তরের সেই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৮৬ জন প্রার্থী। শনিবার (১৭ অক্টোবর) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডি এম আতিকুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১১তম গ্রেডের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২ জন নিয়োগের জন্য এ পরীক্ষা নেওয়া হয়। পদটির আগের নাম ছিল ক্রেডিট সুপারভাইজার। গত শুক্রবার, ১৬ অক্টোবর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র এখনো ঘোষণা করা হয়নি। এ-সংক্রান্ত তথ্য পরবর্তী সময়ে যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি টেলিটকের মাধ্যমে প্রার্থীদের খুদে বার্তা পাঠিয়েও জানানো হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অফিস আদেশে আরও বলা হয়েছে, নিয়োগপ্রক্রিয়ার যেকোনো পর্যায়ে কোনো প্রার্থী অনিয়ম বা অসাধু উপায় অবলম্বন করলে তাঁর প্রার্থিতা কিংবা ফলাফল বাতিল করা হবে।
এর আগে ১০ অক্টোবর এ নিয়োগের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী। তবে পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার ঘটনা সামনে আসে। মূল প্রশ্নপত্রের সঙ্গে ছড়িয়ে পড়া প্রশ্নের মিল পাওয়ায় শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়।
বিজ্ঞাপন
পরীক্ষা স্থগিতের খবর ছড়িয়ে পড়লে দূরদূরান্ত থেকে আসা প্রার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তাঁরা।
পরে নতুন প্রশ্নপত্রে ১৬ অক্টোবর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। নির্ধারিত সময়ে ওই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর এবার ফল প্রকাশ করল অধিদপ্তর।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। প্রথমে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও পরে কমিটিকে অতিরিক্ত সময় দেওয়া হয়।
অন্যদিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সাতজনকে গ্রেপ্তার করেছে। পরে শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।








