দুর্গাপূজা নির্যাতিতের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়: মঈন খান

দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব কিংবা আনন্দ উদ্যাপনের উপলক্ষ নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং নির্যাতিত মানুষের পাশে থাকার শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরে তিনি শহরের মিশনপাড়া এলাকায় অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন এবং পূজার পরিবেশ ও আয়োজকদের খোঁজখবর নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ড. আবদুল মঈন খান বলেন, যুগে যুগে সত্য ও মিথ্যা এবং ন্যায় ও অন্যায়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। দেবী দুর্গার অসুরবধের মধ্য দিয়ে অন্যায়ের পরাজয় ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা পাওয়া যায়। দুর্গাপূজা থেকে এই শিক্ষা গ্রহণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
পরিদর্শনকালে মন্ত্রী পূজামণ্ডপে উপস্থিত পূজারি, আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কেও তিনি খোঁজ নেন।
নারায়ণগঞ্জের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এ অঞ্চলে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান একটি ঐতিহ্য। এই সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে একসঙ্গে বসবাস করতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং আমলাপাড়া পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও ব্যবসায়ী প্রবীর সাহাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
বিজ্ঞাপন
মন্ত্রী তার বক্তব্যে দুর্গাপূজার নৈতিক শিক্ষা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান এবং সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, উৎসবের মূল তাৎপর্য উপলব্ধি করে সমাজে ন্যায়বিচার, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।








