Logo

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, ২০:২২
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই স্লোগানের মাধ্যমে দেশের সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার সংবিধান থেকে পাওয়া। তাই সংবিধান যে অধিকার নিশ্চিত করেছে, তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, ‘আপনাদের এখানে একটা স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার। আমরা সেই সঙ্গে যুক্ত করে বলতে চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আপনাদের এই অধিকার রাষ্ট্র থেকে পাওয়া, সংবিধান থেকে পাওয়া। এই কথা আমাদের সবসময় জোরের সঙ্গে বলতে হবে, এই সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার অবশ্যই আমি রক্ষা করব।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এ দেশের বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে পাশাপাশি বসবাস করে আসছেন। দেশের সাহিত্য, সংস্কৃতি ও শিল্পকলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সম্মিলন এবং পারস্পরিক সম্প্রীতির প্রতিফলন রয়েছে।

বিজ্ঞাপন

এই সম্প্রীতির বন্ধন নষ্ট করতে যারা বিভাজন সৃষ্টির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘স্বাধীনতার আগে থেকেই এই দেশে আমরা একসাথেই বেড়ে উঠেছি। ১৯৭১ সাথে যেমন আমরা কাঁধে-কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের কথা বলেছিলাম, আমরা সেখানেই স্থির আছি এবং সেটাকে রক্ষা করবার জন্য আমরা যে-কোনো মূল্য মূল্য দিতে প্রস্তুত পর্যন্ত রয়েছি।’

বাংলাদেশের মানুষের সহনশীলতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশের মানুষ উগ্রবাদী নয়। এ দেশের মানুষ কখনোই কোনো বিষয়ে চরম জায়গায় যেতে চায় না উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আমাদের সেই ধারাটাকে সবচেয়ে অব্যাহত রাখতে হবে।’

বিজ্ঞাপন

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিভিন্ন মহলে নেতিবাচক প্রচারের প্রসঙ্গও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘দুর্ভাগ্যক্রমে আমাদের এই সম্প্রীতিটাকে বিনষ্ট করবার জন্যে অনেক চেষ্টা চলছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে এই কথা দেশে বিদেশে বিভিন্নভাবে বড়ো করে প্রচার করা হয়।’

তবে দেশের সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে সম্প্রীতির পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ একটি কঠিন অগণতান্ত্রিক পরিস্থিতি থেকে গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে অগ্রসর হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিবর্তনের সময় সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, পূজা উদ্‌যাপনে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়া কাম্য নয়। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবি পূরণে যথাযথ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

পূজা উপলক্ষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা।’

অনুষ্ঠানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বক্তব্য দেন। এ সময় হিন্দু সম্প্রদায় ও পূজা উদ্‌যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে পৌঁছে রাষ্ট্রপতি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD