Logo

রুটিন কাজ ছাড়া রিহ্যাবের সব সভা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, ২০:৩৮
রুটিন কাজ ছাড়া রিহ্যাবের সব সভা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
ছবি: সংগৃহীত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নিয়মিত দাপ্তরিক কাজ ছাড়া বোর্ড সভা, অন্যান্য সভা ও সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনটির সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক চিঠিতে রিহ্যাবের কার্যক্রম সীমিত রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, রিহ্যাবের সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। একই সঙ্গে সংগঠনটির নির্বাচিত সদস্যদের বিষয়ে বাংলাদেশ ব্যাংক, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিবেদনও মন্ত্রণালয়ে জমা পড়েনি।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট তদন্ত ও প্রতিবেদন না পাওয়া পর্যন্ত রিহ্যাবের রুটিন কার্যক্রমের বাইরে সব ধরনের সভা, বোর্ড সভা এবং অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, নিয়মিত দাপ্তরিক কাজ চললেও সংগঠনটির অন্যান্য সাংগঠনিক কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ১৭ অক্টোবর মো. মঞ্জুরুল ফরহাদ ফিলিপের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনাসংবলিত চিঠির অনুলিপি রিহ্যাবের সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। অভিযোগের তদন্ত এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিবেদন পাওয়ার পর সংগঠনটির পরবর্তী কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে চিঠিতে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD