Logo

আগুনে ১০ পর্যটকের মৃত্যুর পর পর্যটনমন্ত্রীর জরুরি নির্দেশনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, ২০:১৩
আগুনে ১০ পর্যটকের মৃত্যুর পর পর্যটনমন্ত্রীর জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি জরুরি নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।

পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রথমত, অগ্নিকাণ্ডের প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পর্যটকদের প্রয়োজনীয় সহায়তা দিতে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দ্বিতীয়ত, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পর্যটন খাতের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে জরুরি সভা আয়োজনের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। ওই সভায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সুপারিশ গ্রহণ এবং সেগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

তৃতীয়ত, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটনকেন্দ্রগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনিরাপত্তা ও জরুরি উদ্ধার কার্যক্রম বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় প্রশিক্ষণ পরিচালনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন তিনি।

শোকবার্তায় মন্ত্রী নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান মন্ত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেন।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন শনিবার বেলা সোয়া ২টার দিকে গণমাধ্যমকে ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD