৪০ কোটি টাকা পাচার: সাবেক বিডা সদস্যের স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা

৪০ কোটি টাকা পাচারের অভিযোগে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাবেক নির্বাহী সদস্য মো. খায়রুল ইসলাম (মান্নান), তার স্ত্রী ইসরাত জাহান মিম ও ছেলে মোরসালিন ইসলাম সৌরদ্বীপের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বিজ্ঞাপন
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানিয়েছেন, অভিযুক্তরা মেঘমালা ইন্টারন্যাশনাল লিমিটেড এবং মেঘমালা স্টেট লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠান তৈরি করেন। এরপর প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২০১২ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গুলশান শাখা থেকে প্রতিটি কোম্পানির নামে ২০ কোটি টাকা করে, মোট ৪০ কোটি টাকা ঋণ নেন।
সিআইডির অনুসন্ধান থেকে জানা গেছে, ঋণের অর্থের উৎস আড়াল করতে তা বিভিন্ন হিসাবের মাধ্যমে স্থানান্তর করা হয়। ভুয়া প্রতিষ্ঠান ব্যবহার করে ঋণের অর্থ মোরসালিন ইসলাম সৌরদ্বীপের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ধানমন্ডি শাখার হিসাবে জমা হয়। পরে সেখান থেকে ৪০ কোটি টাকা উত্তোলন করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বনশ্রী শাখায় ‘ইউনিয়ন ব্যাংক (প্রস্তাবিত)’ নামে নতুন একটি হিসাব খুলে জমা দেওয়া হয়।
বিজ্ঞাপন
এই প্রতারণামূলক ঋণ ব্যবহার করে মোরসালিন ইসলাম সৌরদ্বীপ ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠার সময় স্পন্সর শেয়ার ক্রয় করেন। ফলে আসামিরা ঋণের পুরো ৪০ কোটি টাকা পরিশোধ না করে আত্মসাৎ করেন এবং অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং সম্পন্ন করেন।
এই ঘটনায় সাবেক সচিব ও বিডার সাবেক নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্ত করছে।








