ইবি শিক্ষিকা হত্যা : চিকিৎসাধীন প্রধান আসামি ফজলু গ্রেপ্তার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি কুষ্টিয়া সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (৬ মার্চ) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত অবস্থার কারণে ফজলুকে হাসপাতালেই পুলিশি নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থাতেই ফজলুর রহমান হত্যার দায় স্বীকার করে লিখিত জবানবন্দি দিয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
বিজ্ঞাপন
তদন্ত কর্মকর্তা আরও জানান, নিহত শিক্ষিকার ঘটনায় ইতোমধ্যে হত্যা মামলা দায়ের হওয়ায় পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, মামলার দুজন আসামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গত বৃহস্পতিবার সকালে নিহত আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কর্মচারী ফজলুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় দায়ের করা মামলার অপর তিন আসামি হলেন— বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মচারী উপ-রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।
বিজ্ঞাপন
উল্লেখ্য, নিজ বিভাগের এক কর্মচারীর হাতে নিহত হন সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা। ঘটনাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।








