Logo

রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জুন, ২০২৬, ১৫:৪৬
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি নিয়ে বিরোধের জেরে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক কিশোরী ও নিহতের এক বন্ধুকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম লক্ষ্মীপুর গ্রামের হাজী এনামুল হকের ছেলে। পুলিশ জানায়, আটক কিশোরীর (১৫) বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। অপর আটক ব্যক্তি সিয়ামের বন্ধু আরিয়ান, যার বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে সিয়ামের সঙ্গে ওই কিশোরীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে তারা ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে একাধিকবার অবস্থান করেন। অভিযোগ রয়েছে, সম্প্রতি সিয়ামের উদ্যোগে কিশোরীর তিন মাসের গর্ভপাত করানো হয়। এরপর তাকে বিয়ের জন্য চাপ দেওয়া হলে সিয়াম ২০ হাজার টাকা নিয়ে নিজের বাড়িতে আসতে বলেন।

বিজ্ঞাপন

কিশোরী টাকা সংগ্রহ করতে না পারলেও রোববার রাতে সিয়ামের বাড়িতে যান। সেখানে একটি কক্ষে সিয়াম, তার বন্ধু আরিয়ান এবং ওই কিশোরী রাত কাটান।

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার ভোরে সিয়াম প্রেমিকাকে দ্রুত বাড়ি ছেড়ে চলে যেতে বললে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ঘরে থাকা একটি ছুরি দিয়ে কিশোরী সিয়ামের পেটে আঘাত করেন। তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে কিশোরী ও আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেন।

বিজ্ঞাপন

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরিফুল রহমান বলেন, অভিযুক্ত কিশোরীকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD