Logo

রাজধানীতে ‘ভইরা-দে গ্রুপের’ ৩ সদস্য র‍্যাবের হাতে আটক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ জুন, ২০২৬, ১৭:১৬
রাজধানীতে ‘ভইরা-দে গ্রুপের’ ৩ সদস্য র‍্যাবের হাতে আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সক্রিয় কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর অন্যতম সদস্য শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। বুধবার (১৭ জুন) ভোরে মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার অন্য দুই ব্যক্তি হলেন আব্দুল্লাহ (২৩) ও আল আমিন (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪-এর গণমাধ্যম কর্মকর্তা নুরাঙ্গীর নাহিদ।

তিনি বলেন, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কয়েকটি কিশোর গ্যাংয়ের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়। এর মধ্যে আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা-দে গ্রুপ’ অন্যতম সক্রিয় একটি গ্যাং হিসেবে চিহ্নিত হয়।

বিজ্ঞাপন

নুরাঙ্গীর নাহিদ বলেন, গত ২৩ মে সন্ধ্যায় বিপ্লব ও হৃদয় নামে দুই ভাই গাড়িযোগে বাসায় ফেরার পথে পল্লবী এলাকার একটি মুদি দোকানের সামনে পৌঁছলে পূর্বশত্রুতার জেরে ইমনসহ ৭ থেকে ৮ জন তাদের পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করা হয়।

তিনি আরও বলেন, ঘটনার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

র‍্যাবের এই মিডিয়া অফিসার জানান, তদন্তে ‘ভইরা-দে গ্রুপ’ নামের এই গ্যাংটির সদস্যদের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, গোলাগুলি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, মারামারি, মাদক সেবন, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে রাজধানীতে সক্রিয় অন্যান্য কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধেও র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD