হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি জেবুন্নেসা গ্রেফতার

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় ব্যবসায়ী রবিউল ইসলামের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন।
আদালত সূত্র জানায়, গত ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই রিফাত আল আফসানী জেবুন্নেসা আফরোজকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করা হয়।
বিজ্ঞাপন
নির্ধারিত দিনে জেবুন্নেসা আফরোজকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাকে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালে সরকার পতনের দিন ভাটারা থানা এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হন ব্যবসায়ী রবিউল ইসলাম। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি একই বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন।
এর আগে, ২০২৫ সালের ১৭ মে গোয়েন্দা পুলিশ (ডিবি) জেবুন্নেসা আফরোজকে গ্রেফতার করে।








