Logo

ল্যাপটপ বিক্রির নামে ‘হানি ট্র্যাপ’, জিম্মি করে সর্বস্ব লুট

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
৮ আগস্ট, ২০২৬, ২০:৩৪
ল্যাপটপ বিক্রির নামে ‘হানি ট্র্যাপ’, জিম্মি করে সর্বস্ব লুট
ছবি: সংগৃহীত

যশোরে সামাজিক যোগাযোগমাধ্যমে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেখে এক যুবককে ডেকে এনে কথিত ‘হানি ট্র্যাপ’-এর মাধ্যমে সর্বস্ব হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন যশোরের শংকরপুর এলাকার আলোচিত রাজা এবং তার দুই সহযোগী বৃষ্টি ও জারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নড়াইলের কালিয়া উপজেলার এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে তার ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনটি দেখে রাজা ওই যুবকের সঙ্গে যোগাযোগ করেন। পরে ল্যাপটপ বিক্রির কথা বলে তাকে যশোরে আসতে বলা হয়।

বিজ্ঞাপন

পুলিশের অভিযোগ, ওই যুবক ল্যাপটপ নিয়ে যশোরে পৌঁছালে রাজা তাকে একটি ঘরে নিয়ে যান এবং সেখানে আটকে রাখেন। পরে বৃষ্টি ও জারাকে ব্যবহার করে ওই যুবকের সঙ্গে আপত্তিকর ছবি তোলা হয় বলে অভিযোগ উঠেছে।

এরপর এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে যুবকের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ল্যাপটপ নিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের ফোন করে অর্থও দাবি করা হয়। পরে যুবককে ছেড়ে দেওয়া হয়।

পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ওই যুবককে উদ্ধার করেন। পরে তারা থানায় গিয়ে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আল-আমিন তদন্ত শুরু করেন।

বিজ্ঞাপন

তদন্তের অংশ হিসেবে শুক্রবার রাতে যশোর জেনারেল হাসপাতালে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে প্রথমে রাজাকে আটক করা হয়। পরে একই অভিযান থেকে তার দুই সহযোগী বৃষ্টি ও জারাকেও আটক করা হয়।

এসআই আল-আমিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

পুলিশের ভাষ্য, চক্রটি নারীদের ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে সম্ভাব্য ভুক্তভোগীদের ফাঁদে ফেলত। পরে ভয়ভীতি বা ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি দিয়ে তাদের কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়া হতো।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর আগেও তারা একই ধরনের ঘটনায় আটক হয়েছিল বলে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD