Logo

এনডিবি’র মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেফতার ৬

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট, ২০২৬, ১৪:০৬
এনডিবি’র মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেফতার ৬
ছবি: সংগৃহীত

নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ সংগঠনটির ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর শাহবাগ এলাকায় সংঘর্ষ ও হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাতে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া অন্যরা হলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলার এজাহার অনুযায়ী, বাবুল সরকার নামে একজন বাদী হয়ে শাহবাগ থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

অভিযোগে বলা হয়েছে, জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত ছিলেন অভিযুক্তরা। ঘটনাটি মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানাধীন এলাকায় ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এজাহারে আরও অভিযোগ করা হয়, বাদী বাবুল সরকার এবং রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)-এর কেন্দ্রীয় সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ জুলাই আন্দোলনের কয়েকজন সদস্য প্রতিবাদ জানালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক নিয়ে হামলা চালান।

এ হামলায় আল নুর মোহাম্মদ আয়াসসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আয়াসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর অতিরিক্ত পুলিশি নিরাপত্তার মধ্যে শান্তা ফারজানাসহ ছয়জনকে হেফাজতে নেয় পুলিশ। পরে রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে তাদের হাসপাতাল থেকে শাহবাগ থানায় নেওয়া হয়।

জানা গেছে, নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরাম নামের দুটি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দিনভর দুই দফা সংঘর্ষ ও মারামারির ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই ঘটনার জের ধরেই মামলা দায়ের এবং পরবর্তী সময়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD