যৌতুকের দাবিতে নির্যাতনের ৭ দিন পর গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই উপজেলায় যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগের সাত দিন পর চিকিৎসাধীন অবস্থায় মাছুদা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
নিহত মাছুদা বেগম ক্ষেতলাল উপজেলার দাশড়া গ্রামের মৃত আব্দুস সামাদের মেয়ে। তার স্বামী মেহেদী হাসান কালাই উপজেলার হারুঞ্জা শাহাপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। প্রায় ২০ বছর আগে তাদের বিয়ে হয়। দম্পতির ১৩ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই মাছুদার কাছে যৌতুক দাবি করে আসছিলেন মেহেদী হাসান। একপর্যায়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। মাছুদা পৈতৃক সূত্রে পাওয়া ২০ শতক জমির অংশ বিক্রি করে এক লাখ টাকা দিলেও স্বামী আরও টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। টাকা দিতে না পারায় তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযোগ অনুযায়ী, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের ভেতর উচ্চস্বরে গান বাজান মেহেদী হাসান। এরপর প্লায়ার্স দিয়ে মুখে আঘাত করে তার দুটি দাঁত ভেঙে দেওয়া হয়। গরম কাস্তে দিয়ে হাত-পায়েও ছ্যাঁকা দেওয়ার অভিযোগ রয়েছে।
অসুস্থ হয়ে পড়ার পর মাছুদাকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বিজ্ঞাপন
অবস্থার অবনতি হলে পরদিন তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে মাছুদা বেগম মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই বছির উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে শুক্রবার রাতে কালাই থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বছির উদ্দিন বলেন, তার বোনের ওপর পৈশাচিক নির্যাতন করা হয়েছে। ঘটনার সাত দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ জানান, আদালতের নির্দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজুর পর ভিকটিমের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।








