Logo

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী মারা গেছেন

profile picture
জেলা প্রতিনিধি
ফেনী
২২ আগস্ট, ২০২৬, ১৮:২৫
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী মারা গেছেন
ছবি: সংগৃহীত

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী আবুল কাশেম মিলন মারা গেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেনীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়ার পর তাকে ফেনী হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছেন তার জামাতা জসিম উদ্দিন।

তিনি জানান, শুক্রবার রাতে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে আবুল কাশেমকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আবুল কাশেম মিলনের মৃত্যুতে শোক জানিয়েছেন ফেনী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান।

বিজ্ঞাপন

তিনি বলেন, আবুল কাশেম মিলন দলের জন্য একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন। বাদীর মৃত্যু হলেও মামলার আইনি প্রক্রিয়া বা পরিচালনায় কোনো জটিলতা তৈরি হবে না। তবে নিজের করা মামলার বিচার ও রায় দেখে যেতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ৩১ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

ওই সময় হামলায় যমুনা পরিবহনের একটি বাসসহ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার প্রায় সাত বছর পর যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলন বাদী হয়ে মামলাটি করেন।

বিজ্ঞাপন

মামলায় ফেনীর তৎকালীন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর সরকার, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

পরবর্তী সময়ে আদালত মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়ার নির্দেশ দেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD