ঝাড়ফুঁকের আড়ালে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে ঝাড়ফুঁকের কথা বলে পঞ্চম শ্রেণির এক শিশুকে বলাৎকারের অভিযোগে মো. আলমগীর হোসেন ফরাজী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শরীফপুর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের জামায়াতের সাবেক নেতা।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান। তিনি জানান, শনিবার রাত সোয়া ১১টার দিকে শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম খানপুর গ্রামের ফরাজী বাড়ি থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মাথাব্যথার কারণে সে বাবুনগর এলাকার হাসানহাট বাজারে আলমগীরের ওষুধের দোকানে যায়। ওষুধ বিক্রির পাশাপাশি আলমগীর ঝাড়ফুঁক করতেন বলে পরিবারের অভিযোগ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিশুটির বাবার অভিযোগ, মাথাব্যথা ঝাড়ফুঁক করলে সেরে যাবে বলে আলমগীর তাকে দোকানের পেছনের একটি কক্ষে নিয়ে যান। সেখানে শিশুটিকে বলাৎকার করা হয় এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। পরে শিশুটি শরীরে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে ঘটনার কথা জানায়।
এ ঘটনায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আলমগীরকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্টসহ তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আলমগীর শরীফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক, সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেনের দাবি, ২০১৮ সালের নির্বাচনের পর থেকে আলমগীর সংগঠনের কার্যক্রম থেকে নিষ্ক্রিয় এবং বর্তমানে দলের সঙ্গে তার কোনো সাংগঠনিক যোগাযোগ নেই।
বিজ্ঞাপন
মোজাম্মেল হোসেন আরও জানান, আলমগীরের দাবি অনুযায়ী ঝাড়ফুঁককে কেন্দ্র করে রতন নামে এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল। টাকা না পেয়ে ওই ব্যক্তি শিশুটির পরিবারকে প্রভাবিত করে মামলা করিয়েছেন বলে আলমগীর দাবি করেছেন। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।








