কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী এক রাতের অভিযানে আটক ৬২৪

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার রাতে পরিচালিত এ অভিযানে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহজনক ৬২৪ জনকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) লুৎফর রহমান। তিনি জানান, বুধবার রাতে জেলার সব থানায় সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এ বিশেষ অভিযান শুরু করা হয়।
অভিযানের আওতায় কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা ছাড়াও জেলার প্রতিটি থানার এমন সব স্থানে তল্লাশি চালানো হয়, যেখানে কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশ জানিয়েছে, অভিযানে আটক ৬২৪ জনের অতীত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কিশোর গ্যাংয়ের সদস্যদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং বিভিন্ন এলাকায় বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
বিজ্ঞাপন
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ‘কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপরাধ বিবেচনা ও অতীত অপরাধের রেকর্ড অনুযায়ী আইনি প্রক্রিয়া চলমান।’








