দিনাজপুরে চেকপোস্টে ওয়ান শুটার গান-গুলিসহ দুইজন আটক

দিনাজপুর শহরের একটি চেকপোস্টে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড তাজা কার্তুজসহ দুইজনকে আটক করেছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের হাসপাতাল মোড়ে নিয়মিত চেকপোস্ট চলাকালে তাঁদের আটক করা হয়।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন—দিনাজপুর কোতোয়ালি থানার দপ্তরীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে হারুন (৫৫) এবং ষষ্ঠীতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. রতন (২০)। হারুন পিকআপচালক এবং রতন একটি পিকআপ গ্যারেজে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।
ট্রাফিক পুলিশ জানায়, মঙ্গলবার রাতে লিলির মোড় থেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে হারুন ও রতন বালুবাড়ির দিকে যাচ্ছিলেন। হাসপাতাল মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট রুপক কুমার তাঁদের থামার সংকেত দেন। পুলিশের দাবি, তাঁরা সংকেত অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করলে সার্জেন্ট তাঁদের ধাওয়া করে আটক করেন।
পরে তাঁদের সঙ্গে থাকা লাল রঙের একটি প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালানো হয়। পুলিশ জানায়, ওই ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযানে ট্রাফিক কনস্টেবল শাহনেওয়াজ ও মেহেদী হাসান অংশ নেন। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অমৃত সরকারের উপস্থিতিতে তল্লাশি শেষে আটক দুজনকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) রাহিনুর ইসলাম খান বলেন, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি থামিয়ে যাচাই-বাছাইয়ের সময় আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। পরে তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার বলেন, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএমের নির্দেশনায় চলমান চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতাল মোড়ে অভিযান চালানো হয়। আটক দুজনকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
তিনি আরও জানান, আটক হারুনের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি ডাকাতির মামলা রয়েছে।








