মোংলা বন্দরের রাজস্ব আয়ে গড়ল নতুন রেকর্ড

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দরের রাজস্ব আয়ে নতুন রেকর্ড হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বন্দরটি থেকে রাজস্ব আদায় হয়েছে ৩ হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। একই সময়ে বন্দরে জাহাজ, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংও বেড়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের অডিটোরিয়ামে বাগেরহাট ও মোংলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।
তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে মোংলা বন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৪৭৮ কোটি ৭০ লাখ টাকা। এর বিপরীতে বছর শেষে রাজস্ব আদায় হয়েছে ৩ হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। লক্ষ্যমাত্রার তুলনায়ও এই আয় বেশি।
এ সময়ে বন্দরে এসেছে ৮১৫টি জাহাজ। কার্গো হ্যান্ডলিং হয়েছে ১ কোটি ২২ লাখ ৫১ হাজার মেট্রিক টন, আর কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২৯ হাজার ৭১৪ টিইইউজ। এছাড়া আমদানি হয়েছে ১২ হাজার ৭৫টি রিকন্ডিশন্ড গাড়ি।
বিজ্ঞাপন
বন্দর কর্তৃপক্ষ বলছে, সক্ষমতা বাড়াতে নতুন সহায়ক জলযান সংগ্রহ এবং কনটেইনার টার্মিনাল ও ইয়ার্ড নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তবে ১৪৪ কিলোমিটার চ্যানেলের নাব্যতা ধরে রাখা এখনও অন্যতম চ্যালেঞ্জ।
চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, চলমান বিভিন্ন উন্নয়ন উদ্যোগের মাধ্যমে মোংলা বন্দরের সক্ষমতা আরও বাড়ানো হবে। এর ফলে শুধু বন্দরের কার্যক্রমই সম্প্রসারিত হবে না, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হবে।








