দীর্ঘদিনের দুর্ভোগের পর সংস্কার হলো চর আলগীর এন ইসলাম সড়ক

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এন ইসলাম সড়ক সংস্কার করা হয়েছে। স্থানীয়দের চলাচলের সুবিধার্থে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশনায় এ সংস্কারকাজ করা হয়।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বাড়ত।
সংস্কারকাজে চর আলগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাফ হোসেন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল আহাদ সরাসরি উদ্যোগ ও তদারকি করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, এন ইসলাম সড়কটি এলাকার মানুষের দৈনন্দিন চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। এ পথ দিয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়মিত যাতায়াত করেন। সড়কের বিভিন্ন অংশের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে তাদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে।
বিজ্ঞাপন
সংস্কারের পর সড়কটিতে চলাচল আগের তুলনায় স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে এলাকাবাসীর দুর্ভোগ কমার পাশাপাশি শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনেও সুবিধা হবে বলে তারা আশা করছেন।
স্থানীয় বাসিন্দারা চর আলগী ইউনিয়নের অন্যান্য ক্ষতিগ্রস্ত সড়কও পর্যায়ক্রমে সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, গ্রামীণ সড়কগুলোর উন্নয়ন হলে ইউনিয়নের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে।








