নির্বাচনের আগে গণভোট না হলে প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত

জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মাওলানা আব্দুল হালিম বলেন, জুলাই জাতীয় সনদে এখন পর্যন্ত ২৫টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। এই সনদ অনুযায়ী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করা যাবে না; গণভোট আগে শেষ করতে হবে।
বিজ্ঞাপন
নির্বাচন সম্পর্কিত জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, কিছু দল আরপিওতে সংশোধনী আনার কথা বলেছে, কিন্তু আমরা চাই আইনটি হুবহু বহাল থাকুক।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। এ ছাড়া আট দলের এক যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, স্মারকলিপি দেওয়ার পর ইসির পদক্ষেপ পর্যবেক্ষণ করে আগামী ৩ নভেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
জামায়াত নেতা জানান, সিইসি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং দাবিগুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই চেতনার বিপরীতে যারা কাজ করবে, তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে। জুলাইয়ের সনদ বাস্তবায়নই এখন সময়ের দাবি। গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন স্বয়ংক্রিয়ভাবে প্রশ্নবিদ্ধ হবে।








