Logo

আ. লীগ ও যুবদলের বহিষ্কৃত দুই নেতা পেলেন জামায়াতের মনোনয়ন

profile picture
উপজেলা প্রতিনিধি
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৪ মে, ২০২৬, ২০:৩২
আ. লীগ ও যুবদলের বহিষ্কৃত দুই নেতা পেলেন জামায়াতের মনোনয়ন
ছবি: সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১২টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ঘোষিত তালিকায় আওয়ামী লীগ ও যুবদল থেকে বহিষ্কৃত দুই নেতার নাম থাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, বাঙ্গালা ইউনিয়নে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আবু হানিফ এবং বড়পাঙ্গাসী ইউনিয়নে যুবদলের বহিষ্কৃত নেতা সাদ্দাম হোসেনকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী।

বিষয়টি নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

বিজ্ঞাপন

আবু হানিফ আগে বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

অন্যদিকে, সাদ্দাম হোসেন বড়পাঙ্গাসী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য রফিকুল ইসলাম খান-এর পক্ষে নির্বাচনী কাজ করায় তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়।

গত ২৩ মে জামায়াতে ইসলামীর এক সভায় উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।

বিজ্ঞাপন

সভা শুরুর আগে আবু হানিফ ও সাদ্দাম হোসেন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। পরে তাদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এছাড়া আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ থাকা আরও কয়েকজনকেও বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের ছবি ও তথ্য ছড়িয়ে পড়েছে।

আবু হানিফ বলেন, তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দল থেকে বহিষ্কারের পর আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং দল তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে।

বিজ্ঞাপন

বড়পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন বলেন, সাদ্দাম হোসেন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। এজন্য উপজেলা যুবদল তাকে বহিষ্কার করে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, আবু হানিফ ও সাদ্দাম হোসেন আগে থেকেই জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেওয়ার পর তাদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD