Logo

দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মে, ২০২৬, ১৭:০৭
দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন ডা. শফিকুর রহমান। একইসঙ্গে ত্যাগ, কোরবানি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রবিবার (২৪ মে) এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বলেন, হযরত ইব্রাহিম (আ.), হযরত হাজেরা এবং হযরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগের স্মৃতিবাহী ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। এই ঈদ মানুষের মধ্যে ত্যাগের চেতনা জাগিয়ে তোলে এবং মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ কোরবানি করার শিক্ষা দেয়।

তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়বিচার, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে ত্যাগের মানসিকতা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিবৃতিতে ডা. শফিকুর রহমান দাবি করেন, দেশে এখনও নানা ধরনের অস্থিরতা ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ফ্যাসিবাদী শক্তি দেশ ছাড়লেও তাদের প্রভাব পুরোপুরি শেষ হয়নি। তারা দেশের ভেতরে ও বাইরে থেকে বিভিন্নভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানবিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একইসঙ্গে ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

জামায়াত আমির আরও বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু ত্যাগে প্রস্তুত থাকা। হযরত ইব্রাহিম (আ.) ও তার পরিবারের ত্যাগের আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষাংশে দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন ডা. শফিকুর রহমান। একইসঙ্গে নিজের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD