Logo

‘কিচেন কেবিনেটে’র সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ মে, ২০২৬, ১৭:৫৯
‘কিচেন কেবিনেটে’র সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের ‘কিচেন কেবিনেটে’র সদস্য ছিলেন না বলে দাবি করেছেন সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির সঙ্গেও নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ মে) রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে ‘কিচেন কেবিনেট’ নিয়ে আলোচনা নতুন করে সামনে আসে। এর আগে বিষয়টি নিয়ে নানা গুঞ্জন থাকলেও সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রকাশ্যে এ প্রসঙ্গ তোলার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর থেকেই কথিত এই কিচেন কেবিনেটের সদস্য কারা ছিলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে।

বিজ্ঞাপন

এ প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করে আসিফ মাহমুদ বলেন, তিনি কখনোই ওই কিচেন কেবিনেটের অংশ ছিলেন না। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তির আলোচনা হচ্ছে, সেখানেও তার কোনো ধরনের ভূমিকা ছিল না বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, এই চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গেও কোনো আলোচনা হয়নি। তিনি অভিযোগ করেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন।

আসিফ মাহমুদ আরও দাবি করেন, আলোচিত ওই চুক্তি মূলত তারেক রহমানের উদ্যোগে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, যদি কেউ চুক্তির কোনো অংশ সংশোধন করতে চায় কিংবা বাতিল করতে চায়, তাহলে বিএনপি তা করতে পারে। বিশ্বের বিভিন্ন দেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল করেছে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তিনি ইঙ্গিত দেন, রাজনৈতিক উদ্দেশ্য থেকেই তার নাম কিচেন কেবিনেটের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে তিনি স্পষ্টভাবে জানান, এসব অভিযোগের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, উপদেষ্টাদের ভূমিকা এবং বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি নিয়ে বিতর্ক বাড়ছে। বিশেষ করে ‘কিচেন কেবিনেট’ প্রসঙ্গ সামনে আসার পর রাজনৈতিক দলগুলোর মধ্যেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD