Logo

জামায়াতের ভোটের পরিমাণ মাত্র ৫–৬ শতাংশ দাবি ফখরুলের

profile picture
জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
১৫ নভেম্বর, ২০২৫, ১৯:১২
জামায়াতের ভোটের পরিমাণ মাত্র ৫–৬ শতাংশ দাবি ফখরুলের
ছবি: সংগৃহীত

বাংলাদেশে জামায়াতে ইসলামীর ভোটের পরিমাণ মাত্র ৫ থেকে ৬ শতাংশ—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবাগঞ্জ সরকারি কলেজ মাঠে পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত একটি সমাবেশে তিনি এই বক্তব্য দেন।

সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করা একটি রাজনৈতিক দল আজ ক্ষমতার দাবি তুলছে—যা জনগণ গ্রহণ করবে না। তিনি বলেন, দেশের নদ-নদীর ন্যায্য পানি না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ঘোষণা দেন, বিএনপি সরকারে এলে গঙ্গা ব্যারাজ নির্মাণ করা হবে, যা শুষ্ক মৌসুমে কৃষকদের ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার দাবি, ফারাক্কা বাঁধের কারণে পদ্মাপাড়ের হাজারো মানুষ আজ জীবিকা হারিয়েছে, তাই নদীগুলোকে বাঁচানো এখন সময়ের দাবি।

দিনের শুরুতে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শনে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের ওপর প্রতিবেশী দেশের ‘দাদাগিরি’ বন্ধ করতে হবে। সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা উচিত, কিন্তু আধিপত্যের সুযোগ থাকা উচিত নয়। নির্বাচিত সরকার না থাকলে এসব দাবি আদায় সম্ভব হয় না বলেও মন্তব্য করেন তিনি।

পানি বণ্টন ইস্যুতে বিএনপির অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তা নদীর পানি বণ্টন থেকে শুরু করে ফারাক্কা সমস্যার সমাধানে অগ্রাধিকার দেবে বিএনপি।

বিজ্ঞাপন

পদ্মার পানি আটকে দিয়ে মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে তিনি বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ মূল্যায়ন করা জরুরি।

২০২৬ সালে পদ্মার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এখানেই মূল জটিলতা। জাতীয় স্বার্থ রক্ষার লড়াই চলবে বলেও তিনি জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD