নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখনো সমান সুযোগ-সুবিধার পরিবেশ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিজ্ঞাপন
রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি তাদের স্বপ্ন ও প্রতিশ্রুতির সঙ্গে এগিয়ে যাচ্ছে। নির্বাচনে অংশগ্রহণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা। আমরা সাধারণ মানুষের সমর্থনেই এতদূর এগিয়েছে। মানুষের আস্থা ও ভরসাতেই এনসিপি সামনে এগিয়ে যাবে।
বিজ্ঞাপন
এনসিপি আহ্বায়ক উদ্বেগ প্রকাশ করে বলেন, নির্বাচনের জন্য থাকা উচিত লেভেল প্লেয়িং ফিল্ড এখন দেখা যাচ্ছে না।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের নির্বাচনী প্রথায় বহু বছর ধরে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো টাকার ছড়াছড়ি ও মাসল পাওয়ারের ব্যবহার দেখা গেছে। ফ্যাসিবাদী সময়ে মানুষ ভোটের অধিকারও উপভোগ করতে পারেনি। তাই এবারের নির্বাচন গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে—এটাই তাদের প্রত্যাশা।
নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের দৃঢ় অবস্থান। কিন্তু আমরা এখন তা দেখতে পাচ্ছি না। বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে প্রশাসন দখলের কথাও বলছে এবং প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা করছে।
বিজ্ঞাপন
তিনি সতর্ক করেন, ‘জুলাই সনদ’ সংক্রান্ত দরকষাকষি ও রাজনৈতিক জোটের কারণে বিভিন্ন দল এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে।
নাহিদ ইসলাম বলেন, যারা একসময় বন্ধু ছিল, তারাই এখন চক্রান্ত করছে। তারা এই নির্বাচনকে ভাগাভাগি বা সাজানো নির্বাচনে রূপ দিতে চাচ্ছে। এ ধরনের নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।








