নির্বাচন বানচালের চেষ্টা করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট শক্তি দেশের নির্বাচন প্রক্রিয়া বানচালের চেষ্টা করছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালেই তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীল এবং তারা নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করার পরিকল্পনা করছে। একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনা এখনও নিষ্পত্তি হয়নি এবং হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। সরকারের ওপর একমাত্র নির্ভর করে জনগণ নিজের জীবন নিরাপদ রাখতে পারবে না।
এনসিপির আহ্বায়ক বলেন, এই ভূখণ্ডের মানুষ মানবিক মর্যাদা ও স্বার্বভৌমত্বের জন্য সংগ্রাম করেছে। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরে বারবার জনগণের সঙ্গে প্রতারণা হয়েছে। সাম্য ও মানবিক মর্যাদার পরিবর্তে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম আরও জানান, আসন্ন গণভোটে হ্যাঁ-এর পক্ষে গণজোয়ার গড়ে তোলার জন্য এনসিপির প্রার্থিরা মাঠে কাজ করবেন।
এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম। অর্ধশতাব্দী পার হলেও সেই লক্ষ্য অর্জন হয়নি। নতুন বাংলাদেশে তা বাস্তবায়ন করতে হবে। দলীয় স্বার্থের দৃষ্টিকোণ নয়, বরং একাত্তরের দৃষ্টিকোণ থেকে মুক্তিযুদ্ধকে মূল্যায়ন করতে হবে।








