Logo

তারেক রহমানকে অভ্যর্থনায় ৩০০ ফিটে প্রস্তুত হচ্ছে বিশাল মঞ্চ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর, ২০২৫, ১৩:০৮
তারেক রহমানকে অভ্যর্থনায় ৩০০ ফিটে প্রস্তুত হচ্ছে বিশাল মঞ্চ
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে বড় পরিসরে সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে দলটি। এই উপলক্ষে ঢাকার ৩০০ ফিট এলাকায় মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২১ ডিসেম্বর) দুপুর থেকে বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশজুড়ে মঞ্চ তৈরির কার্যক্রম শুরু হয়। বিএনপি নেতারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি শেষ করতে সংশ্লিষ্ট কমিটির সদস্যরা দিন-রাত কাজ করে যাচ্ছেন।

দলটির নেতাদের ভাষ্য, দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা দিয়েছে। আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছে বনানী–কাকলী হয়ে ৩০০ ফিট এলাকায় যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন

এদিকে, সংবর্ধনা আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে বিএনপি। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির জন্য লিখিত অনুমতিপত্র প্রদান করা হয়েছে।

তিনি বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী অনুমতিপত্রটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে পাঠান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রায় দেড় যুগ নির্বাসিত জীবন কাটানোর পর তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরছেন। বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD