Logo

বছরে সাড়ে ১২ লাখ আয় হাসনাতের, রয়েছে ২৬ লাখ টাকার সোনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ২১:১১
বছরে সাড়ে ১২ লাখ আয় হাসনাতের, রয়েছে ২৬ লাখ টাকার সোনা
হাসনাত আবদুল্লাহ | ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি তার সম্পদ ও আয়ের বিস্তারিত হিসাব তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

হলফনামা অনুযায়ী, হাসনাত আব্দুল্লাহর স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা। এর মধ্যে ব্যাংকে সংরক্ষিত সোনার মূল্য দেখানো হয়েছে ২৬ লাখ টাকা।

গত সোমবার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামায় এসব তথ্য উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন

সেখানে বলা হয়, ২০২৫–২৬ অর্থবছরে তার বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তিনি বর্তমানে ব্যবসার সঙ্গে যুক্ত এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে একই পরিমাণ অর্থ মূলধন হিসেবে বিনিয়োগ রয়েছে।

হলফনামা থেকে আরও জানা যায়, হাসনাত আব্দুল্লাহর নামে কোনো কৃষিজমি নেই। তার আসবাবপত্রের মূল্য ১ লাখ টাকা এবং বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীর মূল্য ৬৫ হাজার টাকা। বাবা–মা ও স্ত্রী–সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল বলে উল্লেখ করা হয়েছে। তার নামে কোনো মামলা, অভিযোগ বা ব্যাংকঋণ নেই। পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করা হলেও তার স্ত্রী গৃহিণী।

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত আব্দুল্লাহ বলেন, তিনি একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়তে কাজ করতে চান

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে দেশের মানুষ মৌলিক অধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক সংকট কাটিয়ে অর্থনৈতিক মুক্তি ও সার্বজনীন ভোটাধিকার নিশ্চিত করাই তার লক্ষ্য।

উল্লেখ্য, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এটি হাসনাত আব্দুল্লাহর প্রথম জাতীয় সংসদ নির্বাচন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির মনোনীত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। এছাড়া জোট সমঝোতার অংশ হিসেবে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহিদ এ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন।

বিজ্ঞাপন

দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৪ আসনটি জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে এ আসনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন। মোট ১১৬টি ভোটকেন্দ্রের ৭২৫টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD