Logo

কুড়িগ্রাম থেকেই পরিবর্তনের সূচনা হবে: ডা. শফিকুর রহমান

profile picture
উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৪৮
কুড়িগ্রাম থেকেই পরিবর্তনের সূচনা হবে: ডা. শফিকুর রহমান
ছবি প্রতিনিধি।

লাখো মানুষের উপস্থিতিতে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে ১১-দলীয় ঐক্য জোটের জনসমাবেশ। বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সিরাজতুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব মো. আখতার হোসেন এবং কুড়িগ্রামের ১১-দলীয় ঐক্য জোটের চারটি আসনের প্রার্থীরা।

সমাবেশে জামায়াত আমির বলেন, ‘কুড়িগ্রাম থেকেই পরিবর্তনের সূচনা হবে। উত্তরবঙ্গকে আর পিছিয়ে রাখা যাবে না।” তিনি কুড়িগ্রামের চারটি আসনের ১১-দলীয় জোটের প্রার্থীদের হাতে তাদের নির্বাচনী প্রতীক তুলে দেন। এ সময় কুড়িগ্রাম-২ আসনে ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী ডা. আতিক মুজাহিদের হাতে প্রতীক তুলে দেন তিনি।

বিজ্ঞাপন

ডা. আতিক মুজাহিদ বলেন, কুড়িগ্রামের মানুষ ত্রাণ বা কম্বলের রাজনীতি চায় না, তারা চায় কর্মসংস্থান ও উন্নয়ন। নির্বাচিত হলে কুড়িগ্রামে মাল্টি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি নারীদের কর্মসংস্থানেরও প্রতিশ্রুতি দেন।

সমাবেশে কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লুটপাটের রাজনীতি পরিহার করে আমরা সুষ্ঠু ও সুন্দর রাজনীতি গড়তে চাই। আয়োজিত এই জনসমাবেশে ইসলামী সংগীত পরিবেশন ও বিদ্রোহী কবিতা আবৃত্তি করা হয়। উৎসবমুখর পরিবেশে লাখো মানুষের অংশগ্রহণে কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD