জাতীয় নির্বাচনের বিএনপির ইশতেহার তুলে ধরছেন তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নির্বাচনী ইশতেহার তুলে ধরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ইশতেহারের পাঠ করেন তিনি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়, এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হলে উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানান।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিজ্ঞাপন
জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিন আগে বিএনপি তাদের ইশতেহার প্রকাশ করে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ‘করবো কাজ, গড়বো দেশ’—এই মূলনীতির আলোকে ইশতেহার প্রণয়ন করা হয়েছে।
ইশতেহারে পাঁচটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম অধ্যায়ে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয় অধ্যায়ে বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয় অধ্যায়ে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থ অধ্যায়ে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং শেষ অধ্যায়ে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক সংহতির বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
বিএনপি জানিয়েছে, দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন-২০৩০, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে এই নির্বাচনী ইশতেহার প্রস্তুত করা হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের নেতৃত্ব আগামী দিনের রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা জাতির সামনে তুলে ধরবেন। এরপর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারেক রহমানকে মঞ্চে আমন্ত্রণ জানান।
ইশতেহার উপস্থাপনের আগে তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।







