Logo

‘সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:৩০
‘সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় এলে সেনাবাহিনীকে কখনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাবেক সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, দেশের সেনাবাহিনীর মর্যাদা ও হারানো গৌরব রক্ষা করা জরুরি। বিএনপি ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে দলীয় বা রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করা হবে না। পাশাপাশি সেনাসদস্যদের জন্য ওয়ান র‌্যাঙ্ক ওয়ান পেনশন চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীকে গর্বিত করেছিলেন। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেনাবাহিনীর যৌক্তিক দাবি ও প্রয়োজনগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, সেনাবাহিনীর সদস্যরা রাজনীতি সম্পর্কে সচেতন থাকতে পারেন, তবে কোনোভাবেই যেন তারা রাজনৈতিক আবরণে জড়িয়ে না পড়েন—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

২০০৯ সালের পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, ওই দিনটিকে জাতীয় শোক দিবস বা সেনা দিবস হিসেবে ঘোষণার চিন্তাভাবনা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দেশে ফ্যাসিবাদী শাসনের কারণে একসময় স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। বিএনপি সব সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে অবস্থান নিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD