Logo

জামায়াতের জনসভার বর্জ্য পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

profile picture
জেলা প্রতিনিধি
সাতক্ষীরা
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৮
জামায়াতের জনসভার বর্জ্য পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

সারাদেশে যখন নির্বাচনী উত্তাপ চরমে, তখন সাতক্ষীরার শ্যামনগরে দেখা গেল ব্যতিক্রমী এক রাজনৈতিক দৃশ্য। প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামীর জনসভা শেষ হওয়ার পর মাঠে পড়ে থাকা বর্জ্য পরিষ্কার করেছেন বিএনপি নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মাঠজুড়ে ছড়িয়ে থাকা পলিথিন, খাবারের প্যাকেট ও কাগজপত্র সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেন।

বিজ্ঞাপন

এই উদ্যোগকে ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। রাজনৈতিক প্রতিযোগিতার মাঝেও দায়িত্ববোধ ও সামাজিক সৌজন্যতার একটি দৃষ্টান্ত হিসেবে ঘটনাটি দেখছেন অনেকেই।

বিএনপি নেতা সোলায়মান কবির জানান, শনিবার ওই মাঠেই জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে মাঠজুড়ে বিভিন্ন ধরনের বর্জ্য পড়ে থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছিল। সে কারণেই পরদিন বিএনপি নেতাকর্মীরা স্বেচ্ছায় মাঠ পরিষ্কারের সিদ্ধান্ত নেন।

পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে ড. মো. মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক কর্মসূচি যে দলেরই হোক না কেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার রাখা সবার দায়িত্ব। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে জনস্বার্থ, শৃঙ্খলা ও পরিবেশ রক্ষার প্রশ্নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বিজ্ঞাপন

প্রায় এক ঘণ্টাব্যাপী এই কার্যক্রমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরিচ্ছন্নতা শেষে একই মাঠে বিএনপির আসন্ন জনসভাকে কেন্দ্র করে মঞ্চ নির্মাণসহ প্রস্তুতিমূলক কাজ শুরু হয়।

উল্লেখ্য, সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠেই বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও লক্ষ্য করা যাচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয় রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন, তীব্র নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও এমন উদ্যোগ রাজনীতিতে ইতিবাচক বার্তা দেয় এবং পারস্পরিক সহনশীলতার একটি দৃষ্টান্ত তৈরি করে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD