আজ ঢাকার ৮ স্থানে জনসভা করবেন তারেক রহমান

রাজধানী ঢাকায় ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার আটটি জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নিজ নির্বাচনি এলাকা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে এসব জনসভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
বিএনপির পরিকল্পনা অনুযায়ী, আজ বেলা ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সংলগ্ন খেলার মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন এলাকায় তিনি বক্তব্য রাখবেন।
দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডে, বেলা ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে এবং বিকাল ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে তার।
বিজ্ঞাপন
পরবর্তী কর্মসূচি অনুযায়ী, বিকাল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন–দয়াগঞ্জ সড়কে, বিকাল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে এবং সর্বশেষ সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপির এই শীর্ষ নেতা।
এর আগে রোববারও রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক সমাবেশে অংশ নেন তারেক রহমান। ওইদিন দুপুর ২টায় ইসিবি চত্বরে তিনি বক্তব্য দেন। পরে পল্লবী দুই নম্বর ওয়ার্ডের লাল মাঠে, মিরপুর-১০ নম্বর গোলচত্বরের কাছে সেনপাড়া পর্বতের একটি শিক্ষা প্রতিষ্ঠানে, মিরপুর মডেল থানার বিপরীতে, শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যায় বাড্ডার সাঁতারকুল এলাকার সানভ্যালী মাঠে অনুষ্ঠিত সমাবেশগুলোতেও বক্তব্য রাখেন তিনি।
বিজ্ঞাপন
টানা এই জনসভা ও সমাবেশগুলোকে কেন্দ্র করে রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। দলীয় নেতারা বলছেন, এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও জোরদার করা হবে।








