Logo

জাপানের প্রধানমন্ত্রীর ভূমিধস বিজয়ে তারেক রহমানের অভিনন্দন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩৫
জাপানের প্রধানমন্ত্রীর ভূমিধস বিজয়ে তারেক রহমানের অভিনন্দন
ছবি: সংগৃহীত

সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। পার্লামেন্টের নিম্নকক্ষে দলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

বিজ্ঞাপন

এই সাফল্যে প্রধানমন্ত্রী তাকাইচি ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি শুভেচ্ছা জানান।

পোস্টে তারেক রহমান লেখেন, এই ফলাফল গণতান্ত্রিক অংশগ্রহণ ও জবাবদিহিমূলক নেতৃত্বের প্রতি জাপানের জনগণের আস্থার প্রতিফলন। জাপান আবারও প্রমাণ করেছে, বিশ্বাসযোগ্য নির্বাচন কীভাবে স্থিতিশীলতা, দিকনির্দেশনার স্বচ্ছতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা জোরদার করতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশ যখন নিজস্ব জাতীয় নির্বাচনের পথে এগোচ্ছে, তখন জাপানের এই অভিজ্ঞতা সব গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। নাগরিকদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হলে, রাজনৈতিক মতভেদ নির্বিশেষে তা জাতিকে শক্তিশালী করে।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অগ্রগতির ভিত্তি তৈরি করে এবং নাগরিকদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে ক্ষমতায়িত করে।

তারেক রহমান আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তাকাইচির নেতৃত্বে জাপান ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে এবং এশিয়া অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তা ইতিবাচক ভূমিকা রাখবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD