চুয়াডাঙ্গা-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী রুহুল আমিন জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী–সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিন। তিনি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয় নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, চুয়াডাঙ্গা-২ আসনে মোট ১৭৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে দেখা গেছে, দাঁড়িপাল্লা প্রতীকে রুহুল আমিন পেয়েছেন ২ লাখ ১০ হাজার ১১১ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ২৯৯ ভোট।
ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিন ৪৬ হাজার ৮১২ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
দামুড়হুদা, জীবননগর ও চুয়াডাঙ্গা সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি দীর্ঘদিন ধরেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে পরিচিত। এবারের নির্বাচনেও ছিল তীব্র উত্তেজনা ও আলোচনার আবহ। তবে ভোট গণনা শেষে দাঁড়িপাল্লা প্রতীক স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করে।
নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা সাপেক্ষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।








