আর কোনো আফসোস থাকবে না: চমক

ছোট পর্দার জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আবারও আলোচনার কেন্দ্রে। অভিনয়ের ব্যস্ততার মাঝেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্পষ্টভাষী মতামত, ব্যক্তিগত অনুভূতি আর সমসাময়িক ভাবনায় ভক্তদের সঙ্গে নিয়মিত সংযুক্ত থাকেন তিনি। বসন্তের রঙ আর ভালোবাসা দিবসের আবহে এবার তিনি শেয়ার করলেন এক গভীর, পরিণত এবং আজীবন একসঙ্গে থাকার স্বপ্নমাখা বার্তা।
বিজ্ঞাপন
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে চমক ভালোবাসার সংজ্ঞাকে নতুনভাবে ব্যাখ্যা করেছেন। তার ভাষায়, “এখন আমার কাছে ভালোবাসা মানে পুরনো মানুষটাকে প্রতিদিন নতুন করে খুঁজে নেওয়া, পাশে থাকা, যত্ন করা।”
ভবিষ্যতের এক সুন্দর মুহূর্তের কল্পনা করে অভিনেত্রী আরও বলেন, ‘ভালোবাসার মাসে প্রিয় মানুষটিকে বলতে চাই, আমার ৬০তম বসন্তে, আমার কুচকে যাওয়া হাত তোমার হাতে রেখে বসন্ত বিকেল উদযাপন করতে চাই। নরওয়ের শেষ গ্রামে বসে একটা কফি আর ক্রোসেন্ট খেতে খেতে দেখতে চাই অপার্থিব সূর্যাস্ত।’
বিজ্ঞাপন

তিনি লিখেছেন, ‘তুমি অন্য মেয়ের দিকে তাকালে তোমার দিকে চোখ রাঙ্গিয়ে তাকাতে চাই। শেল সিলভারস্টাইন এর একটা কবিতা পড়তে পড়তে তোমার কাঁধে মাথা রেখে, ৬০ বছরে নিজেকে কিশোরী ভাবতে চাই।’
নিজের অপূর্ণতা আর তৃপ্তির কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘খুব সাধারণ কয়েকটা স্বপ্ন আমার। সবই মোটামুটি সৃষ্টিকর্তা পূরণ করেছেন। এখন শেষ ইচ্ছা তোমার সাথে বৃদ্ধ হওয়ার। এটা পূরণ হলে আর কোনো আফসোস থাকবে না।’
বিজ্ঞাপন
মিষ্টি আবদার করে চমক তার সঙ্গীকে উদ্দেশ্য করে বলেন, ‘এখন এক কাপ চা বানিয়ে আনো তো। তাহলে কাল বাসায় তোমার প্রিয় খাবার রান্না হবে। বসন্ত আর ভালোবাসা দিবসের শুভেচ্ছা, প্রিয়।’








